দেশের অন্যতম বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ জাতীয় পর্যায়ে সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন নাটোরের লালপুর উপজেলার দুই কিশোর-কিশোরী জান্নাতুল ফেরদৌস ফারিহা ও মোহাম্মদ আমান। ফারিহা অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় এবং মোহাম্মদ আমান জাতীয় অ্যাথলেটিকসে ২০০ মিটার স্প্রিন্টে দেশসেরা হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। গত সোমবার ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে পুরস্কার তুলে দেন।
তাদের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজিত জাতীয় পর্যায়ের অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবল প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখান উপজেলার নান্দরায়পুর গ্রামের ফারিহা। রাজশাহী বিভাগ রানার্সআপ হলেও দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বরিশাল বিভাগের বিপক্ষে ৫-০ গোলের জয়ে একাই চারটি এবং খুলনা বিভাগের বিপক্ষে ২-০ গোলের জয়ে একটি গোল করেন ফারিহা।
অন্যদিকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০০ মিটার স্প্রিন্টে ২৩ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে উপজেলার রুইগাড়ী গ্রামের মোহাম্মদ আমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, তাদের এই অর্জন পুরো উপজেলার সম্মান বৃদ্ধি করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি তাদের আন্তরিক অভিনন্দন জানান।
