চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় নাহিদ ও তাসকিন

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় নাহিদ ও তাসকিন

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল এখনো দেশ ছাড়েনি। তবে আগে অস্ট্রেলিয়াগামী বিমানে উঠেছেন দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ। বিসিবির মেডিক্যাল বিভাগ মানবজমিনকে জানিয়েছে, চিকিৎসা ও শারীরিক মূল্যায়নের (অ্যাসেসমেন্ট) জন্য গতকাল রাতে দুই পেসার দেশ ছেড়েছেন।
মেডিক্যাল বিভাগ সূত্রে জানা গেছে, নাহিদ ও তাসকিন প্রায় চার থেকে পাঁচ দিন অস্ট্রেলিয়ায় পর্যবেক্ষণে থাকবেন। দুজনই অ্যাসেসমেন্ট শেষে ভিন্ন পথে হাঁটবেন। তাসকিন আহমেদ পরীক্ষা-নিরীক্ষা শেষে অস্ট্রেলিয়াতেই থেকে যাবেন। সেখানেই যোগ দেবেন বাংলাদেশ দলের সঙ্গে।

অন্যদিকে চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া নাহিদ রানা চিকিৎসা শেষে দেশে ফিরে শুরু করবেন পুনর্বাসন কার্যক্রম (রিহ্যাব)। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানান, নাহিদকে শুধু জিম্বাবুয়ে সফরে পাওয়া সাইড স্ট্রেইনের জন্য নয়, দীর্ঘদিনের শিনবোন সমস্যারও বিস্তারিত পরীক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় ওর অ্যাসেসমেন্ট করানোর জন্যই পাঠানো হচ্ছে। সাইড স্ট্রেইন যেটা আছে, সেটা তো স্বাভাবিকভাবেই সেরে উঠবে। পাশাপাশি ওর পায়ের যে সমস্যাটা সবসময় থাকে, সেটাও পরীক্ষা করানো হবে।’ হুট করে সিদ্ধান্ত নেয়া হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আগে থেকেই পরিকল্পিত ছিল, ফাস্ট বোলারদের মধ্যে যাদের টুকটাক চোট-সমস্যা রয়েছে তাদের অ্যাসেসমেন্ট করানোর পরিকল্পনা অনুযায়ীই এবার পদক্ষেপ নেয়া হয়েছে।’

কাঁধের পুরনো সমস্যার কারণেই মূলত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে দলের বাকি সদস্যদের আগেই অস্ট্রেলিয়ার পথ ধরেছেন তাসকিন। সাইড স্ট্রেইনের চোটে সিরিজ থেকে ছিটকে যাওয়া নাহিদের এই সফর চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাখ্যা করেছে বিসিবি। প্রায় ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের এই সিরিজের প্রথম টেস্ট শুরু আগামী ১৩ই আগস্ট ডারউইনের মারারা ওভালে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২২শে আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

বাংলাদেশ দলের মূল বহর আগামী ৩১শে জুলাই দিবাগত রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে। ইতিমধ্যে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে নাহিদ রানা ও লিটন দাসের অনুপস্থিতিতে ফিরেছেন সৌম্য সরকার, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। চমক হিসেবে দলে ঠাঁই পেয়েছেন পেসার মুশফিক হাসানও।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন