আবারো রিয়াল-সিটি দ্বৈরথ

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ

আবারো রিয়াল-সিটি দ্বৈরথ

ফন্ট সাইজ:

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে রোমাঞ্চের পারদ এবার শেষ ষোলোতেই আকাশ ছুঁয়েছে। টানা পঞ্চমবারের মতো টুর্নামেন্টের নকআউটে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। গতকাল সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ড্র দুই দলকে আবারও একে অপরের প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে। গত সাত আসরের মধ্যে এ নিয়ে সপ্তমবারের মতো দেখা হচ্ছে এই দুই জায়ান্টের। এর আগে ২০২১-২২ ও ২০২২-২৩ মৌসুমের সেমিফাইনাল এবং ২০২৩-২৪ মৌসুমের কোয়ার্টার ফাইনালে দু’দলের লড়াই ফুটবলপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করে রাখে। এমনকি গত ২০২৪-২৫ মৌসুমেও তারা নকআউট প্লে-অফে মুখোমুখি হয়। ড্রয়ের পর সিটির ডিরেক্টর হুগো ভিয়ানা প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি কোনো সাধারণ ম্যাচ নয়, এটি একটি ফাইনালের সমান। আমরা আবারও তাদের মুখোমুখি হতে যাচ্ছি বলে খুশি।’
চলতি মৌসুমেই গ্রুপ পর্বে সিটির কাছে ২-১ গোলে হারে রিয়াল। ক্লাবটির বর্তমান স্কোয়াডের কয়েকজন খেলোয়াড় সিটির বিপক্ষে খেলতে খেলতে যেন ক্লান্ত। গোলরক্ষক থিবো কোর্তোয়া তো এক অনন্য রেকর্ডের সামনে। প্রিমিয়ার লীগে থাকাকালীন তিনি সিটির বিপক্ষে খেলেছিলেন আট বার। কিন্তু রিয়ালে আসার পর ইতোমধ্যে নয় বার গার্দিওলার দলের মুখোমুখি হয়েছেন তিনি। অর্থাৎ ইংলিশ লীগের চেয়ে রিয়ালের হয়েই তিনি সিটির বিপক্ষে বেশি ম্যাচ খেলেছেন। ডিফেন্ডার আন্তোনিও রুদ্রিগারের গল্পটাও একই। সিটির আক্রমণভাগ সামলানো এখন তার নিয়মিত রুটিনে পরিণত হয়েছে।
রিয়াল ও সিটির মধ্যকার শেষ ষোলোর প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ১০ই মার্চ রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এবং ফিরতি লেগ হবে ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে। ড্র অনুযায়ী শেষ ষোলোতে আরও কিছু হাইভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে। গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলা পিএসজি ও চেলসি এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। অন্যদিকে, ডিয়েগো সিমিওনের কৌশলী অ্যাটলেটিকো মাদ্রিদ লড়বে ইংলিশ ক্লাব টটেনহ্যামের বিপক্ষে। ফেবারিটদের মধ্যে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে মিকেল আতের্তার আর্সেনাল। তাদের লড়তে হবে বায়ার লেভারকুসেনের বিপক্ষে। যদি গানাররা শেষ আট নিশ্চিত করতে পারে, তবে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে স্পোর্টিং সিপি অথবা বোদো/গ্লিমট। অন্যদিকে, বার্সেলোনা মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের। গত আসরের সেমিফাইনালিস্ট বার্সার জন্য এটি বড় সুযোগ হলেও নিউক্যাসলকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। এছাড়া বায়ার্ন মিউনিখ খেলবে আতালান্তার বিপক্ষে এবং লিভারপুল লড়বে গ্যালাতাসারের সঙ্গে।
এবারের ড্রতে ফাইনাল পর্যন্ত যাওয়ার সম্ভাব্য পথও অনেকটা পরিষ্কার হয়ে গেছে। রিয়াল-সিটি ম্যাচের জয়ী দলকে সেমিফাইনালের পথে বায়ার্ন মিউনিখ অথবা আতালান্তার বাধা টপকাতে হতে পারে। পিএসজি-চেলসি ম্যাচের বিজয়ীরা লড়বে লিভারপুল-গ্যালাতাসারে ম্যাচের জয়ী দলের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগ ১০ ও ১১ই মার্চ এবং দ্বিতীয় লেগ ১৭ ও ১৮ই মার্চ অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চ শুরু হবে ৭ ও ৮ই এপ্রিল থেকে। সব লড়াইয়ের অবসান ঘটবে ৩০শে মে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় জমকালো ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে ইউরোপের নতুন রাজা।


শেষ ষোলোর লাইনআপ
ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ
স্পোর্টিং লিসবন-বোডো/গ্লিম্‌ট
পিএসজি-চেলসি
বার্সেলোনা-নিউক্যাসল ইউনাইটেড
লিভারপুল-গালাতাসারে
টটেনহাম হটস্পার-অ্যাটলেটিকো মাদ্রিদ
বায়ার্ন মিউনিখ-আতালান্তা
আর্সেনাল-বায়ার লেভারকুসেন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন