কয়েকদিন আগেই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো একক কনসার্ট করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা। ৬২ বছরের সংগীত ক্যারিয়ারে শিল্পকলায় প্রথমবার গেয়েই সুরের মূর্ছনায় শ্রোতা-দর্শকদের ভাসান তিনি। ব্যাপক প্রশংসা কুড়ায় সেই অনুষ্ঠান। সেখানে রুনা লায়লাকে বিশেষ সম্মাননাও প্রদান করা হয়। এদিকে, প্রায় এক দশক পর এবার অস্ট্রেলিয়ায় সুরের মূর্ছনা ছড়াতে যাচ্ছেন এ শিল্পী। দেশটির সিডনি ও মেলবোর্নে পৃথক দু’টি কনসার্টে গান শোনাবেন তিনি।
আগামী ১লা আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা লাইভ ইন সিডনি’। এরপর ৮ই আগস্ট মেলবোর্ন রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে তার আরেকটি কনসার্ট। এদিকে, রোববার সকালে এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, অনেক বছর পর অস্ট্রেলিয়ার শ্রোতাদের গান শোনাতে আসছি। আমি নিজেই বেশ এক্সাইটেড। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দুই কনসার্ট নিয়ে আমরা নিয়মিত প্র্যাকটিস করছি।
এদিকে, ভিডিও বার্তার এক সময়ে অস্ট্রেলিয়ার জন্য গান প্র্যাকটিসের মুহূর্তও তিনি শেয়ার করেন। সেখানে
মিউজিশিয়ানদের সঙ্গে রুনা লায়লা গেয়ে ওঠেন, ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’ গানটি। সবশেষে রুনা লায়লা আবারো একটি সুন্দর কনসার্টের প্রত্যাশা করে ভিডিও বার্তাটি শেষ করেন। জানা গেছে, সাতজন যন্ত্রশিল্পীকে নিয়ে আজ সিডনির উদ্দেশ্যে রওনা হবেন এই শিল্পী। দু’টি কনসার্ট শেষে ১০ই আগস্ট দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।
