প্রাণনাশের হুমকি ও দীর্ঘদিন ধরে অনুসরণ করার অভিযোগে মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুলের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানা পুলিশকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এদিন এ বিষয়ে আদালতে জিডি’র তদন্তের অনুমতি সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানির সময় পিয়া জান্নাতুল নিজেও আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, জিডি’র অভিযোগ তদন্তের অনুমতির আবেদন শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এর
আগে গত ৮ই জুলাই রাজধানীর বনানী থানায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন পিয়া জান্নাতুল। জিডিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি এক নারীর
ন্যায়বিচার ও নিরাপত্তার পক্ষে আইনি ও মানবিক অবস্থান নেয়ার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের হুমকির মুখে রয়েছেন।
পিয়া অভিযোগে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা পাঠানো, ভয়ভীতি প্রদর্শন এবং অজ্ঞাত নম্বর থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। এ ছাড়া গত প্রায় তিন মাস ধরে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি বিভিন্ন স্থানে তাকে অনুসরণ করছে বলেও জিডিতে উল্লেখ করেন তিনি। পিয়ার দাবি, এসব ঘটনার কারণে তিনি এবং তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
