প্রভাস ও সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহু প্রতীক্ষিত ছবি ‘স্পিরিট’ কে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই একের পর এক চর্চা চলছে। প্রথমে খবর আসে, ছবি থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। এরপরই শুরু হয় নতুন জল্পনা। তার জায়গায় কে স্থলাভিষিক্ত হচ্ছেন, তা নিয়ে শুরু হয় আলোচনা। জানা গেছে, দীপিকার জায়গায় দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। মা হওয়ার পর এটাই হতে চলেছে ক্যাটরিনার বড় পর্দায় রাজকীয় এক প্রত্যাবর্তন।
যদিও অভিনেত্রী বা ছবির নির্মাতাদের পক্ষ থেকেও এমন কোনো ঘোষণা করা হয়নি। দীপিকার ছবি ছাড়ার খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়, তার জায়গায় কাকে নেয়া হতে পারে। সেই তালিকায় সবচেয়ে বেশি উঠে আসে ক্যাটরিনা কাইফের নাম। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, প্রভাসের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে তাকে ভাবা হচ্ছে। এমনও বলা হয়, এটি তার দীর্ঘ বিরতির পর বড়সড় কামব্যাক হতে পারে। ২০২৫ সালে মা হওয়ার পর থেকে ক্যাটরিনা কাইফ অভিনয় থেকে কিছুটা বিরতিতে রয়েছেন।
সেই কারণেই তার প্রত্যাবর্তন নিয়ে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। ‘স্পিরিট’-এর মতো বড় বাজেটের প্যান-ইন্ডিয়া ছবির সঙ্গে তার নাম জড়াতেই সামাজিক মাধ্যমে জল্পনা আরও বেড়ে যায়। জানা গেছে, ক্যাটরিনার সঙ্গে এরই মধ্যে নির্মাতার কথা হয়েছে। প্রভাসও চাচ্ছেন ক্যাটরিনা ছবিতে অভিনয় করুক। দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
