শেষটা জয়ে রাঙানোর আশা পাকিস্তানের

শেষটা জয়ে রাঙানোর আশা পাকিস্তানের

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ২ উইকেটের হার এখনো তাড়িয়ে বেড়াচ্ছে পাকিস্তান শিবিরকে। হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে হারের ক্ষত বুকে নিয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। সেমিফাইনালের সমীকরণ এখন আর বাবর-সালমানদের হাতে নেই। তবে পাকিস্তানের ফাস্ট বোলার সালমান মির্জা গতকাল বলেন, সমীকরণ যাই হোক, শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে মিশন শেষ করতে চান তারা। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে সালমান মির্জার সামনে শেষ ওভারে জয়ের নায়ক হওয়ার সুযোগ ছিল। শেষ ওভারে ইংলিশদের দরকার ছিল ৩ রান। হাতে ছিল ২ উইকেট। কিন্তু প্রথম বলেই জোফরা আর্চার চার মেরে দিলে হার মানতে হয় পাকিস্তানকে। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই আক্ষেপের কথা শোনান মির্জা। তিনি বলেন ‘আমার কাছে নায়ক হওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি তা কাজে লাগাতে পারিনি। এমন সুযোগ প্রতিদিন আসে না। ওই দুই উইকেট নিতে পারলে আমাদের অবস্থান ভিন্ন হতো।’ গ্রুপ পর্বে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে আসা পাকিস্তানের চাকা থমকে গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর। ইংল্যান্ডের কাছে হার সেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ ব্যাপারে সালমান মির্জা বলেন, ‘পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে যদি আমরা সেমিতে যেতে পারি, তবে সেখানে আমরা সেরাটা দিতে সক্ষম।’ সহ-আয়োজক শ্রীলঙ্কা ইতোমধ্যেই টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। সুপার এইটে নিজেদের মাঠে চেনা পরিবেশে ভালো করার কথা থাকলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হতে হয়েছে তাদের। লঙ্কানদের জন্য এই ম্যাচটি নিয়ম রক্ষার হলেও নিজেদের মাটিতে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন