টানা ৫ ম্যাচে জয়ের পর প্রথম হারেই বিপাকে পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালের টিকিট পেতে চাইলে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারানোর বিকল্প নেই ক্যারিবিয়ানদের। মহা গুরুত্বপূর্ণ ম্যাচটিকে তাই ‘ফাইনাল’ হিসেবেই দেখছেন অধিনায়ক শেই হোপ। তার বিশ্বাস, ‘প্রথম ফাইনাল’ ম্যাচে জয়ের পর, সেমিতে জিতে শিরোপা নির্ধারণী ম্যাচেও খেলবেন তারা। জিম্বাবুয়েকে উড়িয়ে সুপার এইট শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখ থুবড়ে পড়ে। আহমেদাবাদে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে ১৭৬ রানের পুঁজি নিয়ে ৯ উইকেটে হার দেখে তারা। পরের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ভারত জয় পেলে শেষ চার নিশ্চিত হয় প্রোটিয়াদের। দু’টি হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে জিম্বাবুইয়ানদের। এখন গ্রুপ-১ থেকে সেমির জন্য জায়গা বাকি একটি। সেই স্থানের জন্য অঘোষিত কোয়ার্টার ফাইনালে আগামী ১লা মার্চ ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে জিতে বিশ্বমঞ্চে লড়াই অব্যাহত রাখার আশা হোপের। ম্যাচের পর তিনি বলেন, ‘সবকিছু খুব সহজে আসবে না। নিজেদের চ্যালেঞ্জগুলো জয়ের পথ আমাদেরই খুঁজে নিতে হবে। আমরা যেভাবে খেলছি... হ্যাঁ, একটি পরাজয় আসতেই পারে। কখনও কখনও প্রতিযোগিতার মূল সময়ের আগেই সেই পরাজয় চলে আসা ভালো। এখন আমরা জানি যে, পরের ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। এই ম্যাচটিকে আমাদের ফাইনাল হিসেবে দেখতে হবে। এটি আমাদের প্রথম ফাইনাল এবং আশা করি, এরপর আরও দুটি ফাইনাল (সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ) পাব।’ ওয়েস্ট ইন্ডিজের আগে ব্যাটিংয়ে নেমে ১৭৬ রান ছিল অনেক দূরের বিষয়। কেননা, পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানো ক্যারিবিয়ানরা পরে ৮৩ রানের বিনিময়েই ৭ উইকেট খুইয়ে বসে। সেখান থেকে দলকে টেনে তোলেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। অষ্টম উইকেটে ৫৭ বলে ৮৯ রানের রেকর্ড জুটিতে ভালো সংগ্রহ এনে দেন এ দুই পেস বোলিং অলরাউন্ডার। সেই আক্ষেপ প্রকাশ করেই হোপ আরও বলেন, ‘এত ভালো উইকেটে খেলা হলে স্কোরবোর্ডে বড় রান থাকা জরুরি। তবে পাওয়ার প্লেতে এত উইকেট হারিয়ে আমরা পেছনে পড়ে গেছি। খুবই ভালো উইকেট ছিল এবং আমাদের ৪০-৫০ রানের ঘাটতি ছিল।’
ভারতের বিপক্ষে ‘ফাইনালের’ অপেক্ষায় হোপ
স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
