বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ডেভিড হেম্পের সম্পর্ক আরও এক বছর দীর্ঘায়িত হচ্ছে। জাতীয় দলের ব্যাটিং কোচের অধ্যায় শেষে এবার তিনি পুরোনো কর্মস্থল হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান হিসেবে ফিরছেন। চলতি ফেব্রুয়ারি মাসে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও বিসিবি নতুন করে এক বছরের জন্য চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি’র একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, আগামী এক বছর বিসিবি’র অধীনেই কাজ করবেন হেম্প। এবার তার মূল ভূমিকা হবে এইচপি’র প্রধান হিসেবে। তবে বিসিবি প্রয়োজনে তাকে অন্যান্য বিভাগেও কাজে লাগাতে পারবে। বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থান করা এই কোচ আগের বেতন কাঠামোতে নতুন চুক্তিতে রাজি হয়েছেন। জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে হেম্পকে দেখা না গেলেও নারী দলের সঙ্গে জড়িত ছিলেন। থাইল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নারী দলের সঙ্গে কাজ করেন তিনি। এবার তৃণমূল ও এইচপি পর্যায়ে ক্রিকেটারদের মানোন্নয়নে হেম্পের দক্ষতাকে কাজে লাগাতে চায় বোর্ড। বাংলাদেশে হেম্পের যাত্রা শুরু হয় এইচপি ইউনিট দিয়ে। এরপর তিনি নারী দলের সঙ্গে কাজ করেন এবং সর্বশেষ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন। চলতি মাসের শেষেই তার পুরোনো চুক্তি শেষ হয়ে নতুন মেয়াদের কার্যক্রম শুরু হবে।
বিসিবিতেই থাকছেন ডেভিড হেম্প, ফিরছেন এইচপি’র দায়িত্বে
স্পোর্টস রিপোর্টার
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
