সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে

ফন্ট সাইজ:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হবে। গতকাল রংপুর টার্মিনালস্থ বিআরডিবি’র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদ বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। বিএনপি গণতান্ত্রিক দল আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না তাদের দলের নেতারাই তা বিবেচনা করবেন। আমরা পরিষ্কার করে বলি, আমরা গণতান্ত্রিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোট নিয়ে আমরা আজকে সংসদে দুই তৃতীয়াংশ আসন লাভ করেছি, সরকার গঠন করেছি।

একবার নয়, বিএনপি পাঁচ পাঁচবার রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পেয়েছে। আর জামায়াতে ইসলামীর আমীর সাহেব তাদের গঠনতন্ত্র পড়ে দেখবেন, উনারা গণতান্ত্রিক দল কি না সেটা উনারাই বিবেচনা করবেন। মন্ত্রী বলেন, সরকারের ক্ষমতায় আসার মাত্র চার মাস হয়েছে। এরমধ্যে সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মাফ করে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী কৃষিতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন। সেইসঙ্গে কৃষিকে লাভজনক করার জন্যে যতটুকু ব্যবস্থা নেয়া দরকার তা সরকার গ্রহণ করবে। কৃষিপণ্যগুলোকে প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। স্থানীয় নির্বাচনের বিষয়ে মন্ত্রী বলেন, এই বছরের শেষে নয় তো আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন হবে। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন