ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ড যেখানে দুর্ভেদ্য, সেখানে ঘরের বাইরে অজেয় বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমে এখন পর্যন্ত নিজেদের মাঠে মাথা নত করতে হয়নি ডর্টমুন্ডকে, জয় তুলে নিয়েছে টানা ৬টি হোম ম্যাচে। অন্যদিকে, জার্মান বুন্ডেসলিগায় এখন পর্যন্ত টানা ২০টি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত (১৫ জয়, ৫ ড্র) বাভারিয়ানরা। এমন সমীকরণ নিয়ে আজ জমে উঠবে ‘ডার ক্লাসিকার’ বা দ্য ক্ল্যাসিক, যা জার্মান ক্লাসিকো নামে পরিচিত। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১১টায়। অ্যাওয়ে ম্যাচে সবশেষ ২০২৪-এর ডিসেম্বরে মাইনৎসে ২-১ গোলে হার দেখে বায়ার্ন। জার্মানির রেকর্ড চ্যাম্পিয়নদের সেই হারের পেরিয়েছে প্রায় ১৫ মাস। এদিকে পরিসংখ্যান বলছে, সিগনাল ইদুনা পার্কে স্রেফ ৮ গোল হজম করে লীগের সেরা হোম ডিফেন্স ডর্টমুন্ডের। আবার, ১১ ম্যাচে ৩৭ গোল করে সেরা অ্যাওয়ে আক্রমণভাগ বায়ার্নের। বুন্ডেসলিগায় শেষ ৩১ ম্যাচে স্রেফ ১ ম্যাচে হেরেছে ডর্টমুন্ড, এবং বায়ার্ন শেষ ৩২ ম্যাচে ১বার। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লীগে অন্য কোনো দল এত কম পরাজয় দেখেনি। তাই আজকের হাইভোল্টেজ ম্যাচটি যে দুটি সেরা দলের লড়াই, তা বলার অপেক্ষা রাখে না। তবে মুখোমুখি লড়াইয়ে অনেকটাই এগিয়ে বায়ার্ন। জার্মান ক্লাসিকোতে এখন পর্যন্ত ১৩৯ বারের দেখায় বায়ার্নের জয় ৬৮ ম্যাচে, ডর্টমুন্ড জয় তুলে নেয় ৩৩ ম্যাচে। ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় বায়ার্ন। ৮ পয়েন্ট পিছিয়ে দুইয়ে থাকা কালো-হলুদদের শিরোপা পুনরুদ্ধারের আশায় তাই আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ। তবে, চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে দুর্ভেদ্য রক্ষণ বায়ার্নের। ২৩ ম্যাচে তাদের গোল হজম ২১টি গোল। সমান ম্যাচে ডর্টমুন্ডের জালে জড়িয়েছে ২২ গোল। আক্রমণভাগও সমান ধারালো দু’দলেরই। ২৩ ম্যাচ বায়ার্ন প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ৮৫ বার, যা প্রতিযোগিতার ইতিহাসে নতুন রেকর্ড। ৪৯ গোল নিয়ে দুইয়ে আজকের স্বাগতিকরা। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে বার্সেলোনা বাদে বায়ার্ন ও ডর্টমুন্ডই প্রতিটি লীগ ম্যাচেই গোল করেছে। এতে ৩০ বছর আগের ক্লাব রেকর্ড স্পর্শ করেছে ডর্টমুন্ড। ১৯৯৫-৯৬ মৌসুমেও প্রথম ২৩ ম্যাচে তারা প্রতিটিতেই গোল পেয়েছিল। সেবার সেই ধারার ইতি ঘটে ২৪তম ম্যাচে, বায়ার্নের কাছে ১-০ হেরে। এবারও তেমন কিছুর পুনরাবৃত্তি ঘটে কি না, তা সময়ই বলে দেবে। মৌসুমের সবচেয়ে বড় ম্যাচের আগে আত্মবিশ্বাসের খোঁজে ইতালি থেকে একগাদা হতাশা নিয়েছে ফিরেছে ডর্টমুন্ড। চ্যাম্পিয়নস লীগের প্লে-অফ পর্বে আতালান্তার কাছে প্রথম লেগে দুই গোলের (২-০) লিড নিলেও, ফিরতি লেগে তাদের মাঠে ৪-১ গোলে মুখ থুবড়ে পড়ে কালো-হলুদরা। নির্ধারিত সময়ের যোগ করা অষ্টম মিনিটের পেনাল্টি সেই ক্ষত আরও গভীর করেছে। এদিক থেকে স্বস্তিতেই আছে বায়ার্ন। লীগ পর্বে দুইয়ে থেকে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা শেষ ষোলো নিশ্চিত করেই বসে আছে। সমপ্রতি দুর্ধর্ষ ফর্মে আছেন হ্যারি কেইন। বায়ার্নের এ ইংলিশ স্ট্রাইকার শেষ ৩ ম্যাচেই করেছেন জোড়া গোল। আজকের ম্যাচেও জোড়া লক্ষ্যভেদ করতে পারলে বুন্ডেসলিগা ইতিহাসে টানা চার ম্যাচে ডাবল করা স্রেফ তৃতীয় ফুটবলার হবেন তিনি। তালিকার প্রথম দু’জন ডর্টমুন্ডের লোথার ইমোরিখ (১৯৬৭) ও ভলফসবুর্গের টমিস্লিভ মারিচ (২০০১)।
জার্মান ক্লাসিকো লড়াই আজ
দুর্ভেদ্য ডর্টমুন্ডের সামনে অজেয় বায়ার্ন
পুলক বিশ্বাস
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
