ক্লাবের মালিক হলেন বিলিয়নিয়ার রোনালদো

ফন্ট সাইজ:

২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে নতুন অধ্যায় শুরু করে ক্রিস্টিয়ানো রোনালদো। তখন সিআর সেভেনকে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে রোনালদো বলেছিলেন, একদিন তিনি ফুটবল ক্লাবের মালিক হতে চান। সেই বক্তব্যের ঠিক তিন বছর পর রোনালদো তার কথা রাখলেন। নিজের কোম্পানি ‘সিআর সেভেন স্পোর্টস ইনভেস্টমেন্ট’-এর মাধ্যমে স্পেনের দ্বিতীয় বিভাগের দল ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছেন তিনি। টাকার অঙ্ক প্রকাশ না করা হলেও এই বিনিয়োগের মাধ্যমে স্প্যানিশ ফুটবলে ফিরলেন রোনালদো। রিয়াল মাদ্রিদে নয় বছর উজ্জ্বল সময় কাটিয়ে ২০১৮ সালে জুভেন্টাসে যোগ দেন। এবার স্পেনে ফিরলেন মালিক হিসেবে। পর্তুগিজ অধিনায়ক বলেন, ‘মাঠের বাইরেও ফুটবলে অবদান রাখা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আলমেরিয়া একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা ক্লাব এবং এর উন্নতির বড় সম্ভাবনা আছে। আমি ক্লাবের পরবর্তী ধাপের সাফল্যে নেতৃত্বদানকারী দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’ রোনালদো এখন কেবল একজন ফুটবলার নন, তিনি ফুটবলের ইতিহাসের প্রথম ‘বিলিয়নিয়ার’। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ১.০৪ বিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার কোটি টাকার বেশি)। সৌদি আরবে বছরে ১৭৭ মিলিয়ন পাউন্ড বেতন এবং নাইকির সঙ্গে ৭৪৫ মিলিয়ন পাউন্ডের আজীবন চুক্তির পাশাপাশি বিভিন্ন নামী ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব তাকে এই অবস্থানে নিয়ে গেছে।
রোনালদো জানিয়েছেন, আগামী বিশ্বকাপ খেলেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন। তার আগে কোচিং বা ধারাভাষ্যের পথে না হেঁটে রোনালদো বেছে নিলেন মালিকানার পথ। অনেকটা ডেভিড বেকহ্যাম বা কিলিয়ান এমবাপ্পের মতো। বর্তমানে পর্তুগালের রিভিয়েরায় ২৮ মিলিয়ন পাউন্ড খরচ করে একটি রাজকীয় প্রাসাদ তৈরি করছেন রোনালদো।
যেখানে থাকবে বিশাল কাঁচের সুইমিং পুল এবং ১০০০ বর্গফুটের মাস্টার বেডরুম।
রোনালদোর এই ক্লাব মালিক হওয়ার স্বপ্ন জোরালো হয় ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময়। সেই সময় তিনি গ্লেজার পরিবারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘মালিকরা ক্লাবের পরোয়া করে না। আমি যদি কোনো ক্লাবের মালিক হই, তবে আমি সব জঞ্জাল পরিষ্কার করে ক্লাবকে সঠিক পথে চালাবো।’ আলমেরিয়ার মাধ্যমে হয়তো সেই আদর্শ মালিক হওয়ার পরীক্ষাই শুরু করলেন এই কিংবদন্তি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন