তিন শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল

তিন শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল

ফন্ট সাইজ:

রাজধানীর মগবাজারস্থ আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে তিন শর্তে লাইসেন্স ফিরিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃক দাখিলকৃত আপিল ও আপিলের অধিকতর বিবরণীর বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ই জুলাই ৩ কর্মদিবসের মধ্যে সরজমিন পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়। সরজমিন পরিদর্শনপূর্বক তদন্ত কমিটির দাখিলকৃত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় শর্তসাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারপূর্বক পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়া হলো।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শর্তগুলো হলো-১. হাসপাতাল পরিচালনায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিনেন্স, ১৯৮২ এর নির্দেশনা মানতে হবে। ২. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। ৩. লাইসেন্সের শর্তাবলী প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নেবে। উল্লেখ্য, গত ২৭শে মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়। ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ই জুন আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন