আপিলেও সাবেক এমপি সালাম মুর্শেদীর জামিন বহাল

জুলাই হত্যা মামলা

আপিলেও সাবেক এমপি সালাম মুর্শেদীর জামিন বহাল

ফন্ট সাইজ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল হত্যা মামলায় খুলনা-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের দেয়া জামিনের আদেশ বহাল রাখেন। এর আগে গত ১৯শে জুলাই ক্রিমিনাল মিস. কেস নং-৩৭১৮৮/২০২৬-এ বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল অ্যাবসোলিউট করে তাকে জামিন দেন। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার আদালত শুনানি শেষে তা বহাল রাখেন।

আব্দুস সালাম মুর্শেদীর জামিনে মূল আইনজীবী ছিলেন বিএনপিপন্থি এক আইনজীবী নেতা। আদালতে তাকে সহায়তা করেন সুপ্রিম কোর্ট বারে নেতৃত্ব দেয়া বিএনপি’র একাধিক সিনিয়র আইনজীবী।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পোশাক শ্রমিক মো. রুবেল নিহত হওয়ার ঘটনায় রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় আব্দুস সালাম মুর্শেদী এজাহারভুক্ত আসামি। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ই আগস্ট আদাবরের রিং রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলাকালে গুলিতে রুবেল বুকে ও পেটে আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম ২০২৪ সালের ২২শে আগস্ট আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং কয়েকজন পরিচিত ব্যক্তিকেও আসামি করা হয়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় ২০২৪ সালের ১লা অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাব আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ঠা অক্টোবর তাকে পুনরায় আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। একইসঙ্গে আদালত তার ডিভিশন ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন