স্পেনকে ট্রফি প্রদানের সময় ‘পিঠ দেখানো’র যে ব্যাখ্যা লিসান্দ্রোর

স্পেনকে ট্রফি প্রদানের সময় ‘পিঠ দেখানো’র যে ব্যাখ্যা লিসান্দ্রোর

ফন্ট সাইজ:

বিশ্বকাপের ফাইনালে জয়ের পর স্পেন যখন মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরে, তখন আর্জেন্টিনা দলের পিছন ফিরে থাকার এক ছবি বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তোলে। অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন আলবিসেলেস্তেদের দিকে একের পর এক সমালোচনার তির ছুটে আসছে, ঠিক তখনই নীরবতা ভাঙলেন দলটির তারকা ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই বিতর্কিত ঘটনার কড়া জবাব দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্প্যানিশদের প্রতি কোনো অনাদর দেখাতে নয়, বরং গ্যালারিতে থাকা নিজেদের সমর্থকদের সম্মান জানাতেই তারা উল্টো হয়ে দাঁড়িয়েছিলেন।

এক সাক্ষাৎকারে নিজের অসন্তোষ প্রকাশ করে মার্টিনেজ বলেন, ‘যে ছবিতে আমাদের ক্যামেরার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, তার কারণ ছিল আমরা আমাদের সমর্থকদের সঙ্গে গান গাইছিলাম। এটি ছিল আর্জেন্টাইন সমর্থকদের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আমরা তাদের ছেড়ে মাঠ থেকে চলে যেতে পারিনি। ম্যাচ শেষে আমরা স্পেনের সব খেলোয়াড় এবং কোচিং স্টাফদের সঙ্গে কুশল বিনিময় করেছি।’

ফাইনাল শেষে লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে গাভি ও এরিক গার্সিয়ার কথা কাটাকাটি এবং সহকারী কোচ রবের্তো আয়ালার সঙ্গে দানি ওলমোর বাকবিতণ্ডা ঘিরেও বিতর্কের সৃষ্টি হয়। তবে পুরো দল বা খেলোয়াড়দের ‘অহংকারী’ হিসেবে চিত্রায়িত করার এই প্রচেষ্টাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন এই সেন্ট্রাল ব্যাক।

সমালোচকদের জবাব দিয়ে তিনি আরও বলেন, ‘আমার মিশ্র অনুভূতি হচ্ছে। এটি আমাকে কিছুটা ক্ষুব্ধ করে, কারণ এই ধরনের ঘৃণা ছড়ানোর কোনো ভিত্তি তাদের কাছে নেই। তারা বলে আমরা অহংকারী, তবে আমাদের নিয়ে যারা এসব কথা বলে এটি বোধহয় তাদের মানসিকতাকেই বেশি তুলে ধরে। আমরা সবসময় প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন