চলমান গ্যাস সংকট ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে আগামী ৩০শে জুলাই ঘোষিত এক দিনের প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে দীর্ঘদিনের দাবি-দাওয়া পূরণ না হলে পূর্বঘোষিত আগামী ২৩শে আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কর্মসূচি বহাল থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
সোমবার রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, মহেশখালীর ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে দুর্ঘটনার কারণে দেশে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। এই পরিস্থিতিতে জনস্বার্থ ও সরকারের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকে ৩০শে জুলাইয়ের প্রতীকী ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর, সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা এবং সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১শে জুলাই রাজধানীর একই স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩০শে জুলাই এক দিনের প্রতীকী ধর্মঘটের ঘোষণা দেয় সংগঠনটি। সেদিন তারা অভিযোগ করেন, ধারাবাহিকভাবে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির মধ্যে গত এক দশক ধরে সিএনজি বিক্রির মার্জিন বা কমিশন বাড়ানো হয়নি। বারবার দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি।
সংগঠনের নেতারা তখন ঘোষণা দেন, দাবি পূরণ না হলে ৩০শে জুলাই প্রতীকী ধর্মঘট পালন করা হবে। এরপরও দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে আগামী ২৩শে আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।
সোমবারের সংবাদ সম্মেলনে নেতারা জানান, বর্তমান গ্যাস সংকটের কারণে কেবল ৩০ জুলাইয়ের প্রতীকী ধর্মঘট স্থগিত করা হয়েছে। তবে দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না এলে ২৩শে আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মসূচি পূর্বঘোষণা অনুযায়ী পালন করা হবে।
