জাতীয় সংসদের শব্দযন্ত্রের বিভ্রাট কাটিয়ে উঠতে আধুনিক প্রযুক্তিনির্ভর সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন করতে চায় সরকার। এজন্য উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভা কক্ষে এই বৈঠক হয়েছে, এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বৈঠকে আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকের শুরুতে জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে বিশ্বের আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম, সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
