কমনওয়েলথ গেমসের হিটেই বাদ ইমরানুর

কমনওয়েলথ গেমসের হিটেই বাদ ইমরানুর

ফন্ট সাইজ:

কমনওয়েলথ গেমসে হতাশ করলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে হিট থেকেই বাদ পড়েছেন তিনি। সুবিধা করতে পারেননি বক্সার জিনাত ফেরদৌসও। ৫১ কেজি ওজন শ্রেণিতে শেষ ষোলো রাউন্ডে হেরে বাদ পড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এ বক্সার।

স্কটল্যান্ডের গ্ল্যাসগোর স্কটস্টাউন স্টেডিয়ামে সোমবার ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের হিটে ছয়জনের মধ্যে তৃতীয় হন ইমরানুর রহমান। সব মিলিয়ে অংশ নেয়া মোট ৭৩ জন স্প্রিন্টারের মধ্যে বৃটেন প্রবাসী এ দৌড়বিদ হয়েছেন ২৭তম। ইমরানুরের শুরুটা ভালোই ছিল, কিছুটা সময় সবার চেয়ে এগিয়েও ছিলেন। কিন্তু শেষটা মন মতো হয়নি। দৌড় শেষ করতে ইমরানুর রহমানের সময় লেগেছে ১০.৩৯ সেকেন্ড। ‎ তার ক্যারিয়ারসেরা সময় ছিল ১০.১১ সেকেন্ড, যা তিনি ২০২৩ সালে লন্ডনে অনুষ্ঠিত নিউহ্যাম অ্যান্ড এসেক্স বিগলস আউটডোর সিরিজে গড়েছিলেন। ১০০ মিটার স্প্রিন্টে প্রথম ১৭ জন অ্যাথলেট সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। ১০.২৪ সেকেন্ড সময় নিয়েছেন ১৬তম ও ১৭তম হওয়া অস্ট্রেলিয়ার রোজান ব্রাউনিং ও বার্বাডোজের কুরন গ্রিফিথ। একইদিন মেয়েদের ৫১ কেজি ওজন শ্রেণির শেষ ষোলোতে আইরিশ বক্সার কেটলিন ফ্রায়ার্সের কাছে ৫-০ পয়েন্টে হেরেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস।

‎ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ইমরানুর রহমানের সবচেয়ে বড় সাফল্য এসেছে ২০২৩ এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে। যেখানে ৬০ মিটার স্প্রিন্টে অসাধারণ পারফর্ম করে তিনি দেশের জন্য সোনা জিতেছিলেন।
চলতি কমনওয়েলথ গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো অ্যাথলেটই পদকের লড়াইয়ে নিজেদের নাম লেখাতে পারেননি। তবে রিংয়ে কিছুটা প্রত্যাশার আলো ছড়াচ্ছেন বক্সার রাকিব হোসেন। ইতিমধ্যে তিনি ৫৫ কেজি ওজন শ্রেণিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন। আগামীকাল অস্ট্রেলিয়ান বক্সার জে ডিক্সনের মোকাবিলা করবেন রাকিব।

গত বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে ২৩তম কমনওয়েলথ গেমসের। আন্তর্জাতিক ক্রীড়ার এই বৃহৎ আসরে বাংলাদেশ এবার অ্যাথলেটিকস, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিকস- এই চার ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন