যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে ফুড ফেস্টিভ্যালে অতর্কিত গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা নাগাদ সিয়াটল সেন্টার থেকে গোলাগুলির খবর পায় কর্তৃপক্ষ। এরপরেই নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
সিয়াটল পুলিশের সহকারী প্রধান টাইরন ডেভিস তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুইজন ঘটনাস্থলে এবং আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরবর্তীতে একটা সংবাদ সম্মেলনে ডেভিস বলেছেন, সন্দেহভাজন এক হামলাকারীকে হেফাজতে নেয়া হয়েছে এবং আরেকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
সন্দেহভাজন দুই ব্যক্তি একে অপরের দিকে গুলি চালান বলে জানান ডেভিস। তবে এখন জনসাধারণের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে সন্দেহভাজন ওই দুই ব্যক্তির গুলি ছোড়ার কারণ জানা যায়নি।
দুইজন প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেছেন, তারা ঘটনাস্থলে অন্তত সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন। তারা আরও জানান, গুলির শব্দ শুনে সবাইকে এদিক-সেদিন পালাচ্ছিলেন।
এ ছাড়া ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন এবং পুরো ফেস্টিভ্যালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনাস্থলে দেশটির পুলিশ, এফবিআইসহ বিভিন্ন এজেন্সির সদস্যরা হাজির হয়েছেন।
সিএনএন জানিয়েছে, দেশটির গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্তত ২৭১টি গোলাগুলির ঘটনা ঘটেছে।
