সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘবে এনজিও মুক্তি-র অর্থায়নে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার উখিয়া উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। এ সময় তিনি উপকারভোগীদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
ইউএনও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর অংশগ্রহণ দুর্যোগ মোকাবিলা ও ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মানবিক সহায়তায় এগিয়ে আসায় এনজিও মুক্তি-কে ধন্যবাদ জানান। সহায়তা পাওয়া পরিবারগুলোর সদস্যরা জানান, বন্যায় তাদের ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমন পরিস্থিতিতে নগদ অর্থ সহায়তা তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য জরুরি চাহিদা পূরণে সহায়ক হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও মুক্তি-র প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র দে, বিএনপি নেতা সাদমান জামী চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও মুক্তি-র কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
