যুক্তরাষ্ট্র-ইরানের সাময়িক যুদ্ধবিরতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৫ ভাগের বেশি কমে গেছে। টানা দুই সপ্তাহের রক্তক্ষয়ী সামরিক হামলা-পাল্টা হামলা চলায় তেলের দাম বেড়ে ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিলো। হামলা বন্ধ থাকায় ও সামরিক উত্তেজনা হ্রাস পাওয়ায় হরমুজ প্রণালি দিয়ে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচল শুরুর ব্যাপারে কূটনৈতিক সমাধানের আশা জেগেছে। এতেই তেলের দাম কমতে শুরু করে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি ৪.৮৯ ডলার বা ৫.০৫ ভাগ কমে ৯১.৮৯ ডলারে নেমে আসে, যা লেনদেনের শুরুতে সাময়িকভাবে ৯০ ডলারের নিচেও নেমে গিয়েছিল। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাব্লিউটিআই) ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৪.৬৭ ডলার বা ৫.২৩ ভাগ কমে ৮৪.৬৪ ডলারে দাঁড়ায়। টানা তিন সপ্তাহ ধরে দাম বাড়ার পর দুই ধরণের জ্বালানি তেলের দামই গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। এর আগে মার্কিন-ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়া এবং লোহিত সাগর পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়ার ফলে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের বাব এল-মান্দেব প্রণালি দিয়ে এশিয়ায় তেল রপ্তানি ব্যাহত হচ্ছিল।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ রোববার এক সাক্ষাৎকারে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কূটনৈতিক আলোচনার পর্যাপ্ত সুযোগ তৈরি করে দেওয়ার উদ্দেশ্যেই সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। বাজার বিশ্লেষকদের মতে, ইতিপূর্বে স্বাক্ষরিত ১৪ দফার সমঝোতা স্মারকে (এমওইউ) ফিরে যাওয়া এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়গুলোর সুনির্দিষ্ট সমাধানই সংঘাত নিরসনের মূল ভিত্তি হতে পারে। তবে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ থাকলেও হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। কেপলার এর শিপিং ডেটা অনুযায়ী, সপ্তাহান্তে প্রতিদিন ১০টিরও কম পণ্যবাহী জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে।
পাশাপাশি লোহিত সাগর উপকূলে সৌদি তেলের স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন হামলার কারণে বাব আল-মান্দেব প্রণালিতেও জাহাজ চলাচল শ্লথ হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, পুরোপুরি নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত নৌ-পরিবহনকারী প্রতিষ্ঠানগুলো হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে সতর্ক অবস্থান বজায় রাখবে, যার ফলে সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগতে পারে।
