মহারাষ্ট্রের আহিল্যানগর জেলায় ‘নিট’ পরীক্ষায় কম নম্বর পাওয়ার হতাশায় এক মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, পরীক্ষায় মাত্র ১৬৬ নম্বর পাওয়ার পর থেকেই তিনি মানসিক চাপে ছিলেন। মৃত শিক্ষার্থীর নাম অঙ্কিতা সাংগলে। তিনি আহিল্যানগর জেলার জালালপুর গ্রামের বাসিন্দা। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পরিবারের সদস্যরা তাকে নিজ কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
পুলিশ ঘটনাস্থল থেকে মারাঠি ভাষায় হাতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। চিঠিতে অঙ্কিতা লিখেছেন, ‘তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ, কিন্তু আমি তোমাদের একটি ইচ্ছাও পূরণ করতে পারলাম না। মা, প্রতিটি কঠিন সময়ে তুমি বন্ধুর মতো আমার পাশে ছিলে। দাদা, তুমিও আমাকে অনেক সমর্থন করেছ। তুমি আমাকে মা-বাবার চেয়েও বেশি ভালোবেসেছ। আমার আত্মহত্যার জন্য তোমরা কেউ দায়ী নও।’
তিনি আরও লিখেছেন, আমি যখন নিটের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমার জন্য তোমরা সবকিছু ত্যাগ করেছিলে। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তোমাদের স্বপ্ন পূরণ করতে পারিনি। চিঠির শেষ অংশে তিনি তার ভাইকে বাবা-মায়ের দেখাশোনা করার অনুরোধ জানিয়ে লিখেছেন- দাদা, মা-বাবার ভালোভাবে যত্ন নিও। তাদের যেন কোনো কিছুর অভাব না হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
