যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ সমাপ্তি এবং শান্তি চুক্তির জন্য আলোচনা চলছে ইরানের। এই আরোপিত যুদ্ধ শেষ করতে এবং শান্তি চুক্তি করতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার শর্ত পুনর্ব্যক্ত করেন। তিনি লেবাননে ইসরাইলের হামলা সম্পূর্ণ ও শর্তহীনভাবে বন্ধ করাকে প্রধান শর্ত হিসেবে ঘোষণা করেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া একাধিক বার্তায় তিনি এ কথা জানান। এ খবর দিয়েছে আল জাজিরা। মোজতবা খামেনি স্পষ্ট ভাষায় জানান যে, লেবাননের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠীর আগ্রাসনের অবসান ঘটানোই যেকোনো চুক্তির প্রথম শর্ত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে তিনি বলেন, হিজবুল্লাহর লড়াকু মুজাহিদদের রক্ষা করা ইরানি রাজনৈতিক ও সামরিক কৌশলের একটি মূল ভিত্তি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক আলোচনার গুঞ্জনের মধ্যেই খামেনির এই বক্তব্য সামনে এলো। চলতি বছরের জুনে ওয়াশিংটনের সাথে প্রাথমিক সমঝোতা স্মারকেও এই শর্তটি যুক্ত ছিল। তবে হরমুজ প্রণালির বিরোধকে কেন্দ্র করে সেই চুক্তি ভেস্তে যায়। এদিকে গত জুনে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে লেবানন ও ইসরাইলের মধ্যে চুক্তি করলেও ইসরাইল বাহিনী দক্ষিণ লেবাননের সীমানা থেকে সরে যেতে টালবাহানা করছে বলে অভিযোগ করেছে লেবাননের সামরিক বাহিনী। সেখানে এখনো গোলাবর্ষণ ও তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা।
