বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রোববার সকালে বিয়ানীবাজার পৌরশহরের ফতেহপুরস্থ পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি জিয়ারত পূর্ব আলোচনাকালে বলেন, শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। অথচ এসকল শহীদের রক্তের বিনিময়ে বিসর্জিত ফ্যাসিজম অনেক রাজনৈতিক দল লালন করতে চায়। তিনি তুরাব হত্যার দ্রুত বিচার দাবি করে বলেন, একটি পরিকল্পিত এবং টার্গেটেড হত্যার বিচার এখনো সম্পন্ন না হওয়া জাতিকে ভাবিয়ে তুলছে। সকল রাজনীতি ও স্বার্থের ঊর্ধ্বে উঠে জুলাই সনদ বাস্তবায়ন করে তুরাবসহ নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে হবে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আরও বলেন, একজন পুলিশ অফিসারের টার্গেটে তুরাব শহীদ হন। ওই পুলিশ অফিসারের কী উদ্দেশ্য ছিলÑ তা জানা প্রয়োজন। নিহতের শরীরে স্প্রিন্টারের এত গুলি পাওয়া গেছে, যা কল্পনার বাইরে। কবর জিয়ারত পরবর্তী তিনি শহীদ তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে তিনি কসবা গ্রামে সাহিত্যিক আবদুল হেকীম তপাদার, কালাইউরা গ্রামে বিরোধীদলীয় নেতার শ্বশুর ডা. আজিজুর রহমান, প্রবীণ জামায়াত নেতা আব্দুল খালিক মহুরীর কবর জিয়ারত করেন।
এ সময় তার সঙ্গে ছিলেনÑ সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি জয়নাল আবেদীন, সমাজসেবা সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোস্তফা উদ্দিন, নায়েবে আমীর আবুল খায়ের, পৌর জামায়াতের আমীর জমির হোসাইন, নায়েবে আমীর সৈয়দ আবু কয়ছর কাজল, সেক্রেটারি ছাদ উদ্দিন প্রমুখ।
