বড়লেখায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

ফন্ট সাইজ:

মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আরও পাঁচজন আহত হয়েছেন। রোববার দুপুরে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনের মধ্যে জুড়ী থানার একজন পুলিশ কনস্টেবল এবং নারী ও শিশু রয়েছেন।

এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত আলী হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে।
জানা যায়, আলী এক বছর আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন এবং নতুন করে কাতার যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরই অংশ হিসেবে দুইদিন আগে সিলেটের কাতার ভিসা সেন্টারে মেডিকেল পরীক্ষা শেষে তিনি বিয়ানীবাজারে বোনের বাড়িতে যান। রোববার সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথেই তিনি এই দুর্ঘটনার শিকার হন।

দুই বছর আগে বিয়ে করা এই যুবকের এক মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুরোধ করেছেন। দুর্ঘটনাস্থল বড়লেখা থানার আওতাধীন থাকায় নিহতের পরিবার সেখান থেকে অনুমতি নিয়ে এলে আমরা পরিবারের কাছে লাশ হস্তান্তর করবো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন