মতবিনিময়কালে এডভোকেট মনা

ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খুলনায় অপরাধ প্রবণতা বাড়ছে

ফন্ট সাইজ:

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেছেন, সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ জন্য সাংবাদিকদের যেকোনো কর্মসূচির সঙ্গে বিএনপি’র একাত্মতা থাকবে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খুলনায় অপরাধ প্রবণতা দিনদিন বেড়েই চলেছে। এ জন্য তিনি সচেতন সাংবাদিকসহ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান।
শনিবার রাতে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা (এমইউজে) নেতৃবৃন্দের সঙ্গে মতবিমিনয়কালে এসব কথা বলেন।

সভায় নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, বিএনপি’র নাম ব্যবহার করে কেউ শহরে দুর্বৃত্তায়ন করতে চাইলে তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। এ জন্যও তিনি এমইউজে নেতৃবৃন্দকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।
এমইজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, খুলনা প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নুর, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী প্রমুখ।

সভায় সাম্প্রতিক নগরীতে চারজন সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলা এবং এমইউজে’র চলমান আন্দোলন কর্মসূচি সম্পর্কে বিএনপি নেতৃবৃন্দকে অবহিত করা হয়। বিএনপি নেতারা এমইউজে নেতৃবৃন্দকে এ ব্যাপারে আরও কঠোর কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন। যেসব কর্মসূচিতে বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকার প্রতিশ্রুতি দেন।
এর আগে বিকালে এমইউজে’র খুলনার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।

সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সিদ্ধান্ত মোতাবেক তৎকালীন আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে বিএফইউজে’র বিপক্ষে পাল্টা কমিটি গঠণের সঙ্গে জড়িত থাকার দায়ে কেন্দ্রের নির্দেশে বহিষ্কৃত হাসান আহমেদ মোল্লা ইউনিয়নের নাম ব্যবহার করে বিভিন্ন সভা করার ঘটনায় হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এমনকি তথাকথিত সাধারণ সভা ও ঘোষিত নির্বাচনের তারিখের সঙ্গে এমইউজে’র কোনো সম্পৃক্ততা নেই বলেও সভায় উল্লেখ করা হয়। এ বিষয়ে বিএফইউজে’র নেতৃবৃন্দকে অবহিত করা হলে তারা এমইউজে’র বর্তমান রাশিদুল ইসলাম-আব্দুর রাজ্জাক রানা-রকিবুল ইসলাম মতির নেতৃত্বাধীন কমিটির সঙ্গে সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন