বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের আয়োজনে রোববার বারি’র সেমিনার রুমে ‘কন্দাল ফসলের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় কন্দাল ফসলের বর্তমান উৎপাদন পরিস্থিতি, গবেষণার অগ্রগতি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতিতে কন্দাল ফসলের গুরুত্ব তুলে ধরেন এবং গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নেয়ার উপর গুরুত্ব আরোপ করেন। কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্তের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা; পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ; পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের। কর্মশালার উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক (ঞঈজঝচ) ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. খোরশেদ আলম। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান হতে সিনিয়র বিজ্ঞানী, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় অর্থায়ন করে কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প (টিসিআরএসপি), বিএআরআই, গাজীপুর।
