ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ

ঠিকাদার ও কার্য সহকারীর কৈফিয়ত তলব

ফন্ট সাইজ:

কাদামাটিতে মাখামাখি ড্রেনের সিসি ঢালাই। নামমাত্র সিমেন্ট আর সুরকির এ ঢালাই জমাট বাঁধেনি তিনদিনেও। হাতের টানে উঠে আসছে মাটির দলা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজে ধরা পড়ে এমন অনিয়ম। এরপরই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্য সহকারী ও ঠিকাদারকে চিঠি দেন উপজেলা প্রকৌশলী। রোববার এই চিঠি দেয়া হয়। গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের আওতায় আজমপুর বাজার থেকে কড়ুয়াতলী লঞ্চঘাট পর্যন্ত ৫০ লাখ টাকা ব্যয়ে ৬৪০ মিটার রাস্তা মেরামতের কাজ করা হচ্ছে। রাস্তার সঙ্গে ৩০০ মিটার ড্রেন নির্মাণকাজ রয়েছে। ঠিকাদার সম্প্রতি ড্রেন নির্মাণকাজ শুরু করলে গ্রামবাসী সেখানে গিয়ে অনিয়ম দেখতে পান।

কাজটির তদারকির দায়িত্বে থাকা আখাউড়া এলজিইডি’র কার্য সহকারী সুবীর বিশ্বাসের কাছে কৈফিয়ত তলব করে দেয়া চিঠিতে বলা হয়, অনুমোদিত ডিজাইন, ড্রয়িং ও স্পেসিফিকেশন মোতাবেক কাজ বাস্তবায়ন করার কথা। কাজের ইউ-ড্রেনের সিসি ঢালাই কাজ গত ২৫শে জুলাই সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলীসহ সরজমিন পরিদর্শনকালে নিম্নলিখিত ত্রুটিসমূহ পরিলক্ষিত হয়। তিনটি চেইনেজে নিরীক্ষান্তে সিসি ঢালাইয়ের পুরুত্ব ১০০ মিমি এর স্থলে ৬২ মিলিমিটার, ৬৫ মিলিমিটার, ৬৫ মিলিমিটার পাওয়া যায়। আপনার (কার্য সহকারী) এহেন কার্যকলাপে উপজেলা প্রকৌশলীর দপ্তর চরমভাবে বিব্রত। আপনার ইচ্ছাকৃত অবহেলা ও স্পেসিফিকেশন বহির্ভূত কাজের জন্য এলজিইডি’র ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন্ন হচ্ছে।

সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও অদক্ষতার দায়ে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে নাÑ তার সন্তোষজনক জবাব পত্র প্রাপ্তির তিনদিনের মধ্যে লিখিতভাবে প্রেরণ করতে বলা হয়। কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া সদরের মেসার্স জমির জুলিয়া ট্রেডার্সকে দেয়া চিঠিতে বলা হয়, প্রচণ্ড বৃষ্টিতে অত্র দপ্তরের নির্দেশনা না মেনে আংশিক দৈর্ঘ্যে স্পেসিফিকেশন বহির্ভূত সিসি ঢালাই করা হয়েছে। তিনটি চেইনেজে নিরীক্ষান্তে সিসি ঢালাইয়ের পুরুত্ব ১০০ মিলিমিটারের স্থলে ৬২ মিমি, ৬৫ মিমি, ৬৫ মিমি পাওয়া যায়। তাছাড়া স্পেসিফিকেশন বহির্ভূত ইট দ্বারা গাঁথুনি করা এবং অত্যন্ত নিম্নমানের খোয়া সাইটে মজুতকৃত রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। ঠিকাদারকে পত্র প্রাপ্তির তিনদিনের মধ্যে স্পেসিফিকেশন বহির্ভূত সিসি ঢালাই করার লিখিত জবাব দিতে বলা হয়। আখাউড়া উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন জানান, ড্রেনের ১০ মিটার ঢালাই করা হয়েছিল। সেটি ভেঙে নতুন করে কাজ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন