ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেয়ার কথা জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম। শনিবার চলমান উন্নয়নকাজের অগ্রগতি সরজমিন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এসময় প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে এবং দিকনির্দেশনায় সিটি কর্পোরেশন জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এখন কথা কম হবে, কাজ হবে বেশি। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব।
তিনি আরো বলেন, টানা কয়েক দিনের ভারী বর্ষণের কারণে সংস্কারকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সংশ্লিষ্ট সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত উন্নয়নকাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
