আগস্টে বাংলাদেশ সফরে আসার ইঙ্গিত দিয়েছে ভারত। দুইদিন আগে এমন প্রতিবেদন করে ক্রিকইনেফা। সফরে তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আর ওই সিরিজে সব মনোযোগ টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। বর্তমানে শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি আসর- এলপিএলে খেলছেন এ অলরাউন্ডার। সেখানেই ভারতীয় গণমাধ্যম রেভস্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেট, ভারত সফর, বিশ্বকাপ, তামিম ইকবালের নেতৃত্ব এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।
২০২৪ সালে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতীয় দলের বাংলাদেশ সফরের কথা ছিল। দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ভারতীয় দল সিরিজটি ২০২৫ সাল পর্যন্ত স্থগিত করে। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম সরানোর প্রেক্ষিতে ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পরে বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলে স্কটল্যান্ড। তৎকালীন ক্রিকেট বোর্ড ও সরকারের সিদ্ধান্তের কারণে ভারতীয় বোর্ডের সঙ্গে দূরত্ব বাড়ে। বিসিবিতে পরিবর্তন আসার পর দুই বোর্ডের সম্পর্কে উন্নতি হয়েছে। সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে ভারত সিরিজ। এ সিরিজ নিয়ে রোমাঞ্চিত মিরাজ। তিনি বলেন, ‘আমরা সিরিজটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত। ভারত যদি বাংলাদেশ সফরে আসে, তবে তা আমাদের দেশের জন্য একটি দারুণ উপলক্ষ হবে। কারণ অনেক দিন পর তাদের বিপক্ষে আমাদের খেলা হচ্ছে।
ভারত অত্যন্ত শক্তিশালী একটি দল এবং আমরা সামনের চ্যালেঞ্জটা ভালোভাবেই জানি। ঘরের কন্ডিশনে ভালো খেলাতেই আমাদের মূল ফোকাস থাকবে এবং আমরা এই লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা প্রসঙ্গে কথা বলেন মিরাজ। ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে সম্পূর্ণ রাজনৈতিক বিষয় বলে মন্তব্য করেছেন এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘আমার মনে হয় এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয় ছিল। এর বাইরে এ নিয়ে আমার আর বলার কিছু নেই।’ ২০২২ সালে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মিরাজ নৈপুণ্যে জয় পায় বাংলাদেশ। ১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৬ রানে ৯ উইকেট হাারায় টাইগাররা। সেখান থেকে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ৪১ বলে ৫১ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয় এনে দেন। দ্বিতীয় ওয়ানডেতে খেলেন ৮৩ বলে শতরানের ইনিংস। ওই ইনিংসের কল্যাণে ভারতকে সিরিজ হারায় বাংলাদেশ।
প্রথম ওয়ানডের সেই স্মৃতি মনে করে মিরাজ বলেন, ‘ওই মুহূর্তটি আমার জন্য ভীষণ বিশেষ ছিল। আমাদের দলের ছয় উইকেট পতনের পর আমি ও রিয়াদ ভাই গুরুত্বপূর্ণ একটি জুটি গড়েছিলাম। ওই সময়ে আমি খুব বেশি কিছু ভাবছিলাম না। আমার একমাত্র লক্ষ্য ছিল পজিটিভ থাকা, পরিস্থিতি অনুযায়ী খেলা এবং প্রতি বল ধরে খেলা। আমরা নিজেদের ওপর বিশ্বাস রেখেছিলাম এবং ম্যাচটি দারুণ এক স্মৃতিতে পরিণত হয়েছিল। ওই মুহূর্ত আমি কখনো ভুলবো না।’ তামিম ইকবালের বিসিবি সভাপতির দায়িত্ব নেয়া প্রসঙ্গে মিরাজ ইতিবাচক বার্তা দেন। তিনি বলেন, ‘তামিম ভাই দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করছেন, আর বোর্ডের নেতৃত্ব দেয়া তার জন্য বড় একটি সুযোগ বলে আমি মনে করি। আমার প্রত্যাশা, তিনি আরও শক্তিশালী দল গঠনে ভূমিকা রাখবেন, দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন করবেন এবং বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। তিনি কী করেন, সেটি দেখার অপেক্ষায় আছি।’
