গ্লাসগোর এসিসি সেন্টারে বক্সিং রিং থেকে সুখবর দিলেন রাকিব হোসেন। ৫৫ কেজি ওজন শ্রেণির রাউন্ড অফ সিক্সটিন লড়াইয়ে পাপুয়া নিউগিনির বক্সার মাইকেল বিডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন বাংলাদেশি বক্সার রাকিব। এর আগে রাকিব সলোমান আইল্যান্ডের তেতেকানা ক্লিনটনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন। রাকিবের জয়ের দিনে অন্য ডিসিপ্লিনে হতাশার চিত্র। সাঁতারে সোনিয়া, সুকুমার তাদের সেরাটাও দিতে পারেননি। সকালে টোলক্রোস ইন্টারন্যাশনাল সেন্টারে ১০০ মিটার ফ্রি স্টাইলে সোনিয়া আক্তার ৭১ জন সাঁতারুর মধ্যে ৬১তম হন।
৫০ মিটার বেস্ট স্ট্রোকে ৫৮ জনের মধ্যে ৪৪তম হয়েছেন সুকুমার। দুজনেই তাদের সেরা টাইমিং ছাড়িয়ে যেতে পারেননি। তবে ব্যতিক্রম রাকিব হোসেন দুর্দান্ত লড়েছেন রিংয়ে। তিন রাউন্ডেই পাপুয়া নিউগিনির বক্সারকে পরাস্ত করেছেন, আশা দেখাচ্ছেন পদকের। রাকিবকে পদক জিততে হলে অন্তত কোয়াটার জিততে হবে। তার জন্য প্রস্তুত আছেন জানিয়ে রিং থেকে নেমে রাকিব বলেন, আমি জানি সামনে আমাকে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। প্রতিপক্ষও অনেক কঠিন হবে। তার জন্য আমি রেডি আছি।’
