জাতীয় দলকে বিদায় জানানোর পর ক্রিকেট কোচিং নিয়ে ব্যস্ত ইমরুল কায়েস। আছে ক্রিকেট ব্যাটের ব্যবসা। বর্তমানে পরিবার নিয়ে থাকেন সিডনিতে। সেখানে নিজের নামে একটি ক্রিকেট একাডেমি রয়েছে তার। অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে জানাশোনা সাবেক এ টাইগার ব্যাটারকে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের সহকারী কোচের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়া থেকে দলের সঙ্গে যোগ দেবেন ইমরুল।
বিসিবি এইচপি বিভাগের চেয়ারম্যান শানিয়ান তানিম বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে ইমরুলের এখন ভালো ধারণা।
ওই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, সেটা বলে দিতে পারবেন। প্রতিপক্ষ সম্পর্কে পরিষ্কার ধারণাও পাওয়া যাবে। কারণ টপ অ্যান্ড টি২০ সিরিজে প্রাদেশিক দলগুলো খেলবে। নেপালের জাতীয় দল এবং নিউজিল্যান্ড থেকে একটি দল খেলবে। আমরা ওখানে ইমরুলের সার্ভিসটা নেয়ার চেষ্টা করবো।’ ডারউইনের টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে খেলতে ১৪ই আগস্ট অস্ট্রেলিয়া যাবে এইচপি দল। এই সফরে সোহেল ইসলামকে প্রধান কোচ করা হয়েছে। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
অস্ট্রেলিয়ার কন্ডিশনে ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতে তৃতীয়বারের মতো ডারউইনের প্রাক-মৌসুম টুর্নামেন্ট টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে দল পাঠাচ্ছে বিসিবি। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নেয় এইচপি দল। পরের বছর খেলে বাংলাদেশ ‘এ’ দল। ২২শে আগস্ট নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশ হাইপারফরম্যান্স দলের। ২৩ আগস্ট হোবার্ট হ্যারিকেন্স। ২৪শে আগস্ট ভিক্টোরিয়া, ২৫শে আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকাস, ২৭শে আগস্ট নিউজিল্যান্ড আর ২৮ আগস্ট নর্দান টেরিটরির বিপক্ষে ম্যাচ বাংলাদেশ এইচপির। এদিকে ইমার্জিং দল আজ দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। সফরে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ইমার্জিং দল।
