প্রথম টেস্টের দলে জাকের-সৌম্য

প্রথম টেস্টের দলে জাকের-সৌম্য

ফন্ট সাইজ:

অনেকটা আড়ালেই চলে গিয়েছিলেন জাকের আলী অনিক। গত বছরের নভেম্বরের আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলার পর জাতীয় দলে দেখা যায়নি তাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাক পেলেন তিনি। এছাড়া ১৫ সদস্যের দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও অভিষেকের অপেক্ষায় থাকা পেসার মুশফিক হাসান। বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান জয়, তাওহিদ হৃদয়, নাঈম হাসান ও রবিউল হক।

নির্বাচকদের নজর কেড়ে টেস্ট দলে ফিরেছেন জাকের। চোটের কারণে মাঠের বাইরে থাকা লিটন দাসের বিকল্প উইকেটরক্ষক হিসেবে তাকে দলভুক্ত করেছে বিসিবি। গত মাসে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে তিন ইনিংসে ফিফটি পেয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটার জাকের। এর আগে চোটের কারণে বিসিএলের পুরো আসর মিস করেন তিনি। তবে ডিপিএলে ঝড়ো সেঞ্চুরি করেছিলেন ২৮ বছর বয়সী এ ব্যাটার। ২০২৪ সালের অক্টোবের অভিষেকের পর এখন পর্যন্ত ৬ টেস্টে ৩০.৬৩ গড়ে জাকের ৩৩৭ করেছেন। নামের পাশে চার ফিফটি থাকলেও সাদা পোশাকে এখনো সেঞ্চুরির দেখা পাননি।

সর্বোচ্চ ৯১ রানের ইনিংস খেলেছেন জাকের। ওপেনার সৌম্য সরকার পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন এ বাঁহাতি ব্যাটার। নাহিদ রানার চোটে ভাগ্য খুলেছে ইবাদত হোসেনের। হারারে টেস্ট খেললেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল ক্ষীণ। তবে নাহিদ সিরিজ থেকে ছিটকে যাওয়ায় বিকল্প হিসেবে ডানহাতি এ পেসারকে দলে ডেকেছে বিসিবি। সন্তান সম্ভাবা স্ত্রীকে সময় দিতে ইতালিতে অবস্থান করা ইবাদত ২৯শে জুলাই দেশে ফিরবেন। এর আগে সাইড স্ট্রেইনের চোটে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যান পেসার নাহিদ রানা।

প্রায় এক মাস তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। এরপর মাঠে ফেরার আগে লাগবে আরো এক মাসের পুনর্বাসন। ৩১শে জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। মূল লড়াই শুরু ১৩ই আগস্ট, ডারউইনে প্রথম টেস্ট দিয়ে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২২শে আগস্ট, ম্যাকাইয়ে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, আমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন