২০০ মিটার স্প্রিন্টে সেরা আমান

নতুন কুঁড়ি স্পোর্টসের পর্দা নামছে আজ

২০০ মিটার স্প্রিন্টে সেরা আমান

ফন্ট সাইজ:

তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রোগ্রাম চালু করে সরকার। এতে সারাদেশ থেকে ১২-১৪ বছর বয়সী দেড় লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা, জেলার পর জাতীয় পর্যায়ের খেলাও প্রায় শেষের দিকে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ১০০ মিটার দৌড় ও ফুটবলের ফাইনাল দিয়ে প্রথম আসরের পর্দা নামছে আজ। ফুটবলে বালক বিভাগের ফাইনালে খেলবে সিলেট-ময়মনসিংহ। বালিকা বিভাগের ফাইনাল হবে রাজশাহী-রংপুরের মধ্যে। ফাইনালে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিকালে আট ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি। গতকাল জাতীয় স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের অ্যাথলেটিক্সের দুটি ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বালক বিভাগে ২০০ মিটার স্প্রিন্টে রাজশাহীর মোহাম্মদ আমান প্রথম হয়। ২৩.৮৭ সেকেন্ড সময় নেয় সে। ৩ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় চট্টগ্রামের জাওয়াদ কাদের। ২৪.৯০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় বরিশালের মাহাথী মোহাম্মদ। একই ইভেন্টের বালিকা বিভাগে ২৮.৯৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম ঢাকার মারিয়া। দ্বিতীয় খুলনার অধরা ঐশী। তৃতীয় ময়মনসিংহের রাফিয়া আক্তার। লং জাম্প ইভেন্টের বালক বিভাগে ৬.১৯ মিটার লাফিয়ে প্রথম রংপুরের আহতাব নূর।

০.২ মিটার কম লাফিয়ে দ্বিতীয় রাজশাহীর ইকরাম। ৫.৯৮ মিটার লাফিয়ে তৃতীয় কুমিল্লার মো. নাহিদ হোসেন। একই ইভেন্টে বালিকা বিভাগে ৪.৬২ মিটার লাফিয়ে প্রথম ইমা খানম। দ্বিতীয় খুলনার ইভা। তৃতীয় রংপুরের তাসদিয়া তাসলিম তুবা। এছাড়া ১০০ মিটার স্প্রিন্টে বালক ও বালিকা- উভয় বিভাগে সেরা আট বাছাই করা হয়। দাবায় বালক বিভাগে চ্যাম্পিয়ন আওসাফ চৌধুরী। সাত রাউন্ডে ছয় পয়েন্ট তুলে এ কীর্তি গড়ে সে। আর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন ওয়ারসিয়া খুশবু। সাত রাউন্ডের সবকটি জিতেছে সে। সেপ্টেম্বরে দাবা অলিম্পিয়াডে অংশ নেবে খুশবু। এর আগে ক্রিকেট, সাঁতার, মার্শাল আর্ট, কাবাডি, ব্যাডমিন্টনের ফাইনাল অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন