২৬ দেশ নিয়ে আর্চারি চ্যালেঞ্জ কাপ

২৬ দেশ নিয়ে আর্চারি চ্যালেঞ্জ কাপ

ফন্ট সাইজ:

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ। আগামী ২রা আগস্ট টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। আর্চারদের লড়াইয়ের আগে তিন দিনব্যাপী ট্রেনিং ক্যাম্প হবে। এখানে ২৬টি দেশের আর্চার ও অফিসিয়ালরা অংশগ্রহণ করবেন।

প্রেসিডেন্টস কাপে ১৭টি দেশের ৭০ জন আর্চার অংশ নেবেন। লড়াই হবে ৬টি ক্যাটাগরিতে। রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ নারী একক, অনূর্ধ্ব-১৮ রিকার্ভ পুরুষ একক, অনূর্ধ্ব-১৮ রিকার্ভ নারী একক, রিকার্ভ মিশ্র দলগত এবং অনূর্ধ্ব-১৮ রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে লড়াই হবে। গতকাল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই চ্যালেঞ্জ কাপ। এটা আমাদের ইউনিক আইডিয়া। একারণে অনেক কিছুই হয়তো অগোছালো মনে হতে পারে।

তবে একবার অনুষ্ঠিত হয়ে গেলে অনেক কিছুই সহজ হয়ে যাবে।’ তিনি আরও বলেন, এবারের চ্যালেঞ্জ কাপে মিশ্র ইভেন্টগুলোতে দল ঠিক হবে দেশ নয়, র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বাংলাদেশের একজন আর্চার অন্য দেশের একজনের সঙ্গে জুটি বেঁধে লড়াই করবেন চ্যালেঞ্জ কাপে।
বাংলাদেশ আর্চারি দলে হিরা মনি ও সাফায়েত হোসেনের কোচিংয়ে অংশ নিবেন ৮ জন। রিকার্ভ পুরুষে রামকৃষ্ণ সাহা ও আব্দুর রহমান, রিকার্ভ নারী ইভেন্টে সীমা আক্তার শিমু ও নাসরিন আক্তার, অনূর্ধ্ব-১৮ রিকার্ভ পুরুষে ইমতিয়াজ আমিন ও সাইফুল ইসলাম এবং অনূর্ধ্ব-১৮ রিকার্ভ নারী ইভেন্টে সায়মা ও সোনালী রায় অংশ নিবেন।

আর্চারদের লড়াই শুরুর আগে ট্রেনিং ক্যাম্প হবে বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখের নেতৃত্বে। তিনি প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। এছাড়াও দক্ষিণ কোরিয়ার নারী কোচ ইয়াঙ সুক স্যালি মার্টিনের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই আয়োজনের লক্ষ্য নিয়ে রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘আমরা চাই, এশিয়ার সব দল যেন সমান সক্ষমতা নিয়ে লড়াই করতে পারে। একারণেই ট্রেনিংয়ের এমন আয়োজন করছি।’ তিনি আরও জানান আর্চার ও অফিশিয়াল মিলিয়ে ২৬ দেশের মোট ১১৪ জন অংশগ্রহন করবেন এই ট্রেনিং প্রোগ্রামে। বাংলাদেশের ঝিমিয়ে পড়া আর্চারি এর মাধ্যমে নতুন করে জেগে উঠবে বলেও আশা করছেন আয়োজকরা।
চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রায় ৫৫ লাখ টাকা দিবে। পাশাপাশি পৃষ্ঠপোষকতা করবে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডও।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন