বাবা-মাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

বাবা-মাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের আনোয়ারায় কাঁচি দিয়ে বাবা-মাকে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই নিহত দম্পতির একমাত্র ছেলে রমিরাজ দাশ (৩১)কে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচিও উদ্ধার করা হয়েছে। রোববার আনোয়ারা থানা পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রমিরাজ দাশের সঙ্গে তার বাবা-মায়ের বিরোধ চলছিল। শনিবার দুপুরে ওই বিরোধের জেরে ঘরের ভেতরে বাকবিতণ্ডার একপর্যায়ে সে প্রথমে তার মা কল্পনা দাশ গুপ্তকে কাঁচি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। মাকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্তকেও গলা ও পেটে আঘাত করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই কল্পনা দাশ গুপ্ত মারা যান। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত রমিরাজ নিজ কক্ষে অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত কাঁচি উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহ ও দীর্ঘদিনের মানসিক ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় নিহত স্বপন দাশ গুপ্তের ভাই তপন দাশ গুপ্ত আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, মামলার পর অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। উল্লেখ্য, শনিবার দুপুরে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন