নওগাঁর বদলগাছীতে বাবার বাড়িতে বেড়াতে এসে খাঁড়ির পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন নবদম্পতি। স্বামীকে বাঁচাতে গিয়ে পানিতে ঝাঁপ দেন স্ত্রী। শেষ পর্যন্ত দু’জনকেই প্রাণ দিতে হয়। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা। নিহতরা হলেন- উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের শামীম হোসেনের মেয়ে সুমাইয়া (১৬) এবং তার স্বামী নুর ইসলাম (২০)। নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি ৬-৭ মাস পূর্বেই তাদের বিয়ে হয়। বিয়ের পর প্রথমবারের মতো শনিবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন নুর ইসলাম। রোববার দুপুরে সুমাইয়ার বাড়ির পাশের একটি খাঁড়িতে গ্রামের কয়েকজন কিশোরকে গোসল করতে দেখে নুর ইসলামও পানিতে নামেন। একপর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে গিয়ে আর উপরে উঠতে পারেননি। স্বামীকে ডুবে যেতে দেখে সুমাইয়া কোনো কিছু না ভেবেই তাকে উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দেন। কিন্তু সাঁতার না জানায় কিংবা গভীর পানির কারণে তিনিও ডুবে যান।
দু’জনকে পানির নিচে প্রাণপণে ভেসে ওঠার চেষ্টা করতে দেখে আশপাশের লোকজন দ্রুত খাঁড়িতে নেমে তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর নবদম্পতিকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল জুড়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে বদলগাছী থানার ওসি রুহুল আমিন জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
