মৌলভীবাজারের রাজনগরে ৭ বছর বয়সী শিশু (অনন্ত দাশ) বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই শিশুকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অভিযান চালিয়েও অভিযুক্তকে আটক করতে পারেনি রাজনগর থানার পুলিশ। এ ব্যাপারে রাজনগর থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে। রোববার বিকালে রাজনগর থানার পুলিশ সদর হাসপাতালে ওই শিশুর বক্তব্য নিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। জানা গেছে, রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের কয়ছর মিয়ার ফিসারিতে কাজ করে ওই এলাকার অভিযুক্ত আছদ্দর মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৩৫)।
ফিসারির পার্শ্ববর্তী বাড়ির ওই শিশুটি শনিবার সকালে সেখানে গেলে হুমায়ুন মিয়া তাকে ফুসলিয়ে বলাৎকার করে এবং দুই ঘণ্টা আটকে রাখে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। এদিকে শিশুটি বাড়িতে গিয়ে প্রস্রাব-পায়খানা করতে পারছে না, ব্যথা করছে বলে কান্নাকাটি করলে শিশুটির মা এ নিয়ে জিজ্ঞেস করলে সে ঘটনাটি খুলে বলে। ঘটনাটি শিশুটির মা-বাবা ফিসারির মালিককে জানালে তিনি স্থানীয়ভাবে ডাক্তার দেখানোর জন্য বলেন। পরে ওই শিশুটির পরিবার থেকে স্থানীয় রিপন আহমদকে ফোনে জানালে তিনি শনিবার রাতে অসুস্থ শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন।
বর্তমানে সে সার্জারি ওয়ার্ডের ২য় তলায় চিকিৎসাধীন রয়েছে। রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) অরুপ সরকার হাসপাতালে গিয়ে শিশুটির বক্তব্য শুনেছেন। এদিকে রাজনগর থানার পুলিশ অভিযান চালিয়েও ওই অভিযুক্তকে আটক করতে পারেনি। এ ব্যাপারে রাজনগর থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার খবর পয়ে আমরা অভিযুক্তকে আটকের জন্য অভিযান চালিয়েছি। শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
