গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে নগর ভবন মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। নাগরিকদের সামনে বাজেট তুলে ধরেন সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। বাজেট ঘোষণার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মিজ তিনজিলা খানম। সভায় অন্যান্যের মধ্যে সিটি করপোরেশনের সচিব ফিরোজ আল মামুন, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ বিভিন্ন ওয়ার্ডের সচিব ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরে এবার ৫ হাজার ১০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা, ব্যয় ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নগরকে গ্রীন ও ক্লিন সিটিতে উন্নীত করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। এতে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও মশক নিধনে গুরুত্ব দেয়া হয়েছে বলে জানায় সিটি প্রশাসক।
