সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শন করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একইসঙ্গে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নিরাপত্তাকর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার তিনটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি হাসপাতালের রান্নাঘর, পুরুষ ও মহিলা ওয়ার্ড, অপারেশন থিয়েটার (ওটি), ওষুধের স্টোর, ওয়াশরুম, চিকিৎসক-কর্মকর্তাদের হাজিরা খাতা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান ও ওষুধ সরবরাহের বিষয়েও খোঁজ নেন।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, তালা হাসপাতালে সম্প্রতি এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নির বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। পরে বেলা ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন।
প্রায় এক ঘণ্টাব্যাপী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনের সময় দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসক সোহানা সেলিমের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়। পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দেশের চিকিৎসক সংকট কাটাতে বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলছে। পাশাপাশি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। তিনি বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে।
শিগগিরই মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ শুরু হবে। সেখানে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। নতুন ভবনে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, ব্রেস্ট ফিডিং কর্নার এবং ট্রমা সেন্টার স্থাপন করা হবে। এদিকে, বিকাল সোয়া ৪টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার দৃষ্টিপ্রতিবন্ধী উচ্চশিক্ষিত তরুণী শারমিন আক্তারের সঙ্গে কথা বলেন। তার শিক্ষাগত যোগ্যতা ও মেধায় সন্তুষ্ট হয়ে আগামী ১লা আগস্ট থেকে তাকে চাকরির সুযোগ করে দেয়ার আশ্বাস দেন মন্ত্রী। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আফরোজা আখতার, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরতি খোদা, সিভিল সার্ভিস আব্দুস সালাম প্রমুখ।
