নেত্রকোণায় বসতঘরে যুবকের গলাকাটা লাশ

ফন্ট সাইজ:

নেত্রকোণা সদর উপজেলার নিজের বসতঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত মাহফুল মিয়া উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতের খাবার খেয়ে মাহফুল নিজ ঘরে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার ভোর ৫টার মধ্যের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। রোববার ভোরে মাহফুলের মা ঘুম থেকে উঠে ছেলের শোয়ার ঘরের দরজা খোলা দেখতে পান। পরে টর্চের আলো জ্বালিয়ে ঘরে প্রবেশ করলে মাহফুলকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তার ডাক শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিবেশী শফিকুল ইসলামের সঙ্গে মাহফুলের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা। তবে ঘটনাটির প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন