বহু দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বহু দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এসব দেশের সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে এবং প্রক্রিয়াও এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ করছে সরকার। এ লক্ষ্যেই দেশি-বিদেশি বিনিয়োগকারী, পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ: এ ক্লোজড-ডোর রাউন্ডটেবিল অন ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল’ শীর্ষক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স আয়োজন করেছিল। সেই সম্মেলনের ধারাবাহিকতায় এ রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল তিতুমীর, দেশি-বিদেশি বিনিয়োগকারী, ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

তিনি বলেন, বৈঠকে এলডিসি উত্তরণ, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই), পুঁজিবাজার, ব্যবসা সহজীকরণ এবং বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেছেন। এসব বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার অর্থনৈতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নতুন বিনিয়োগ আকর্ষণ, নতুন বাজার সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে।
বৈঠকে কী ধরনের সমস্যা উঠে এসেছেÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি রুদ্ধদ্বার বৈঠক ছিল। তাই আলোচনার বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। তবে বিভিন্ন ধরনের বিনিয়োগকারীর বিভিন্ন সমস্যা রয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতা রয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। ব্যাংকিং খাত, পুঁজিবাজার ও অর্থনৈতিক ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে সরকার ধারাবাহিকভাবে নীতিগত সংস্কার করছে।

বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে জ্বালানি, তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষি, কৃষিভিত্তিক শিল্প, সৃজনশীল অর্থনীতি, কুটির শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া খাতের কথা উল্লেখ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, ব্লু-ইকোনমিও সরকারের অন্যতম অগ্রাধিকার এবং এ খাতে ইউরোপের অনেক দেশ বিনিয়োগে আগ্রহী।পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার বিষয়ে তিনি বলেন, অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে নতুন নতুন বাজার ও বিনিয়োগের উৎস খুঁজে বের করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব।

বিনিয়োগ কবে শুরু হবেÑ এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বিনিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই চলমান। এটি এক বা দুই দিনের বিষয় নয়। চীন, জাপান, আমেরিকাসহ বহু দেশ ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে আলোচনা করছে এবং কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন