আমতলীতে একটি ঘরের অভাবে...

আমতলীতে একটি ঘরের অভাবে...

ফন্ট সাইজ:

বরগুনার আমতলীতে বন্যা, ঝড় আর বৃষ্টির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন স্বামী-পরিত্যক্তা বিউটি বেগম। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, বৃষ্টি নামলে আর ঘরে ঘুমাইতে পারি না! আমারে যদি সরকার একটা ঘর দিতো, তাইলে শান্তি হইবে! সরজমিন দেখা যায়, বরগুনা আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামের ৫নং ওয়ার্ড পায়রা নদীর উপকূলে একদম কোল ঘেঁষে অস্থায়ী বাঁধের উপর ঝুপড়ি ঘরে বসবাস করছেন অসহায় বিউটি বেগম।

একমাত্র মাথা গোঁজার ঠাঁইটুকু নদীগর্ভে বিলীন হয়ে যায় দু’বছর আগে। সেই থেকে পুরনো টুকরো টিন আর পলিথিন দিয়ে ঝুঁকি নিয়ে কোনোরকম বসবাস করছে বাঁধের উপর। সামান্য বৃষ্টি হলে চাল দিয়ে পানি পড়ে, রাতে ঘুমাতে পারেন না বিউটি। শারীরিক অক্ষমতায় আগের মতো কাজও পান না তাই হাত পেতে যা পান তাই দিয়ে কখনো খেয়ে কখনো না খেয়ে দিন কাটে। স্থানীয় বাসিন্দা ইউনুস শরীফ বলেন, বিউটি খুব গরিব মানুষ, দিন আনে দিন খায়, থাকার মতো একটা বাসস্থান নেই, সরকার যদি একে একটা ঘর দিতো বা কোনো সাহায্য করতো- হয়তো এর বাড়ি বাড়ি ভিক্ষা করে নাও খাওয়া লাগতো।

আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান শিউলী পারভীন মালা বলেন, বিউটির বিষয়টা আমি জেনেছি, তাকে পুনর্বাসন করা হবে। আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল হক কাওসার বলেন, আমরা সরজমিন খোঁজ নিয়ে তাকে সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনা হবে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, তদন্ত সাপেক্ষে অসহায় বিউটি বেগমকে সরকারি যাবতীয় সকল সুবিধা দেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন