লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে চলমান চার লেন মহাসড়ক নির্মাণকাজের ধীরগতিতে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। বাজার এলাকার দুই পাশের খননকৃত অংশ দীর্ঘদিন ধরে বালু, কণা ও অন্যান্য নির্মাণসামগ্রী দিয়ে ভরাট না করায় পথচারী, ব্যবসায়ী, যানবাহন চালক এবং শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, বাজার অংশে দ্রুত আরসিসি (জঈঈ) ঢালাইয়ের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে পুরনো মহাসড়কই যানবাহন ও পথচারীদের চলাচলের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। এতে প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয় ছুটির পর তাদের ব্যস্ত মহাসড়কে উঠে যানবাহনের ফাঁক খুঁজে রাস্তা পার হতে হচ্ছে। অভিভাবক ও স্থানীয়দের ভাষ্য, নিরাপদ পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থীদের। এদিকে, নতুন নির্মিত আরসিসি অংশে ভাসমান দোকানপাট বসে যাওয়ায় পথচারীদের চলাচলের জায়গা আরও সংকুচিত হয়েছে। একইসঙ্গে চন্দ্রগঞ্জ বাজারের স্কুল মার্কেটের পূর্ব ও পশ্চিম পাশে গড়ে ওঠা সিএনজি স্ট্যান্ডের কারণে যানজট তীব্র হচ্ছে। এতে বিদ্যালয়ের সামনের এলাকায় প্রতিনিয়ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্মাণকাজ চলাকালে জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত খননকৃত অংশ ভরাট, আরসিসি ঢালাই সম্পন্ন এবং বাজার এলাকার কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে হবে। পাশাপাশি বিদ্যালয়সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় অস্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, পরিকল্পিতভাবে চার লেন প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে দীর্ঘদিনের যানজট, জনদুর্ভোগ এবং দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
