সোনাইমুড়ীতে ইউএনও’র বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

সোনাইমুড়ীতে ইউএনও’র বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

সোনাইমুড়ী পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বাজারের ব্যবসায়ীরা। বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, ইউএনও হকার উচ্ছেদ করে মালামাল নিয়মবহির্ভূতভাবে বিক্রি করে দিয়েছেন। আবার অবৈধভাবে হকার বসিয়েছেন। এসব হকারদের কাছ থেকে ইজারার নাম করে চাঁদা নিচ্ছে। শনিবার বিকাল ৫টার দিকে মেসার্স টুটুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. হেলাল উদ্দিন টুটুল ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই সংবাদ সম্মেলন করেন। তার সঙ্গে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী এ অভিযোগের সঙ্গে একমত প্রকাশ করে সংবাদ সম্মেলনে উপস্থিত হন।

সংবাদ সম্মেলনে বলা হয়, চলতি বছরের এপ্রিল মাসে পৌর প্রশাসক নাসরিন আক্তারের নির্দেশে ফুটপাথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সামছুল আলম ও কয়েকজন কর্মচারী দোকানদারদের মালামাল নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। পরে জুন মাসে একই স্থানে আবার কিছু ব্যক্তিকে দোকান বসানোর সুযোগ দেয়া হয়, যা বৈধ ব্যবসায়ীদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি অভিযোগ করেন। এ ঘটনায় গত ২রা জুলাই নোয়াখালীর জেলা প্রশাসকের কাছে অর্ধশতাধিক ব্যবসায়ীর স্বাক্ষরসংবলিত লিখিত অভিযোগ দেয়া হয়। পরে জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

ব্যবসায়ীরা জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের অধীনস্থ কর্মকর্তাকে দিয়ে তদন্ত করলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। তাই ভিন্ন দপ্তরের কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, হাট-বাজার উন্নয়ন, এলজিএসপি, কাবিখা, টিআরসহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে। এ ছাড়া, সরকারি খাদ্যশস্য বিতরণ, বাজার উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের অর্থ ব্যয়ের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ তোলা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন