চলন্ত ফেরি থেকে নদীতে ঝাঁপ, ৪ ঘণ্টা পর গৃহবধূ উদ্ধার

ফন্ট সাইজ:

দৌলতদিয়াগামী কুমিল্লা নামক চলন্ত ফেরি থেকে আত্মহত্যার উদ্দেশ্যে পদ্মা নদীতে ঝাঁপিয়ে পড়া লাইজু বেগম (৩৭) নামে এক গৃহবধূকে ৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় ৪০ কিলোমিটার ভাটিতে ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর থেকে তাকে জীবিত উদ্ধার করে ফরিদপুর নৌপুলিশ। তিনি ঢাকার কামরাঙ্গীর চর এলাকার মো. ফুরকান মিয়ার স্ত্রী ও এক কন্যাসন্তানের জননী।

লাইজু বেগমের স্বামী ফুরকান জানান, শনিবার সকাল ১০টার দিকে লাইজু বাড়ি থেকে রাগ করে তার পিতার বাড়ি বরিশালের বরগুনার উদ্দেশ্যে রওনা হয়। সারাদিন তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। রাত ৮টার দিকে নৌপুলিশের মাধ্যমে তিনি জানতে পারেন লাইজু বেগম দৌলতদিয়াগামী ফেরি থেকে মাঝ নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, তাৎক্ষণিক ঘটনা জানার পর অভিযানে নামে নৌপুলিশ। পরে পদ্মা নদীর বিভিন্ন স্থানে ৪ ঘণ্টা খোঁজাখুঁজি করে ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর থেকে তাকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন