জয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

ফন্ট সাইজ:

বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। জিম্বাবুয়ের সামনে লক্ষ্য ছিল মাত্র ১০৪ রানের। তাদিওয়ানাশে মারুমানি আর ব্রায়ান বেনেটের ব্যাটে উড়ন্ত সূচনা পায় দলটি। কলম্বোতে তারা ৮ উইকেট আর ৩৯ বল হাতে রেখে হারায় ওমানকে। এদিন ১০৪ রানের টার্গেটে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের দুই ব্যাটারকে চতুর্থ ওভারে ফেরান সুফিয়ান মেহমুদ। ওমানের এই পেসারের বলে মারুমানি ১১ বলে ২১ করে ফেরেন। ডিয়ন মায়ার্সকে রানের খাতাই খুলতে পারেননি। তবে বেনেট আর অভিজ্ঞ ব্রেন্ডন টেলর দেখেশুনে খেলে সহজ জয়ের পথে নিয়ে যান জিম্বাবুয়েকে। রান নেওয়ার সময় পায়ে টান লাগায় টেলর ৩০ বলে ৩১ করে মাঠ থেকে উঠে যান। বেনেট ৩৬ বলে ৭ বাউন্ডারিতে ৪৮ রানে অপরাজিত থাকেন। এর আগে জিম্বাবুয়ের তিন পেসারের তোপে ১৯.৫ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় ওমান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই জিম্বাবুইয়ান বোলারদের তোপের মুখে পড়ে ওমান। ২৭ রানে ৫ উইকেট হারায় দলটি। প্রথম পাঁচ ব্যাটারের কেউ দুই অংক ছুঁতে পারেননি। দলের বিপর্যয়ে হাল ধরেন সুফিয়ান মেহমুদ আর ভিনায়েক শুক্লা। শুক্লা ২১ বলে ২৮ করে আউট হন। সুফিয়ানের ব্যাট থেকে আসে ৩৯ বলে ২৫। ৯৬ রানে ৯ উইকেট হারানো পর নাদিম খানের ব্যাটে একশ পার হয় ওমান। নাদিম ১৮ বলে করেন ২০ রান। তিন পেসার রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি আর ব্র্যাড ইভান্স নেন তিনটি করে উইকেট।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন