কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড। শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার দুপুর ২টায় জনৈক এক মহিলা তার অসুস্থ স্বামীকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ‘এম ভি রফ রফ-৭’ নামক যাত্রীবাহী লঞ্চযোগে চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি দুপুর ৩টায় ষাটনল সংলগ্ন এলাকায় পৌঁছালে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সংকটাপন্ন হয়ে পড়ে। এ সময় লঞ্চে থাকা এক যাত্রী কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিকেল টিম অতিদ্রুত উক্ত লঞ্চে গমন করে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করে। পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য কোস্ট গার্ডের বোটযোগে সদরঘাটে আনা হয় এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে গাড়িযোগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়া হয়। তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
