‘জুলাইয়ের মতো সংকট আবারো আসতে পারে তাই জাতীয় ঐক্য জরুরি’

ফন্ট সাইজ:

জুলাই গণ-অভ্যুত্থানের মতো সংকট ভবিষ্যতেও সৃষ্টি হতে পারে উল্লেখ করে জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল আব্দুল্লাহিল আমান আজমী (অব.)। তিনি বলেন, জুলাইয়ে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু এখন সেই ঐক্য আর দেখা যাচ্ছে না। দেশ ও জাতির স্বার্থে সবসময় ঐক্য ধরে রাখতে একটি অরাজনৈতিক ‘ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিল’ গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে। শনিবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ফিরে দেখা জুলাই-২০২৪’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাওয়া সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আবদুল হক (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (অব.)। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. একেএম শামছুল ইসলাম (অব.) বলেন, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড এবং বিগত সরকারের সময়কার বঞ্চনা জুলাই অভ্যুত্থানের অন্যতম ভিত্তি ছিল।

তিনি দাবি করেন, আন্দোলনের সময় ছাত্র-জনতার পাশাপাশি অবসরপ্রাপ্ত ও কর্মরত সামরিক সদস্যদের ভূমিকা এবং বিভিন্ন সভা-সেমিনার আন্দোলনকে নৈতিক শক্তি জুগিয়েছিল। তিনি আরও বলেন, ইতিহাস বিকৃতি রোধ করে একটি নিরপেক্ষ, পেশাদার, রাজনীতিমুক্ত ও জনমুখী সশস্ত্রবাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে। একইসঙ্গে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য ক্যাটাগরি অনুযায়ী মাসিক সম্মানী, গুরুতর আহতদের বিদেশে চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য ডাটাবেজ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। সভাপতির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল হক (অব.) বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর অবদান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জেনারেল আতাউল গণি ওসমানীর ভূমিকা দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, ৫ই আগস্টের সংকটকালে সেনাবাহিনীর ইতিবাচক সিদ্ধান্ত দেশকে সম্ভাব্য গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছে।

দুই-একজন ব্যক্তির ভুলের জন্য পুরো সশস্ত্র বাহিনীকে দায়ী না করে তাদের গৌরবোজ্জ্বল অবদান মূল্যায়নের আহ্বান জানান তিনি। লে. জেনারেল আব্দুল্লাহিল আমান আজমী (অব.) বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ঐক্যবদ্ধ জাতি অসম্ভবকে সম্ভব করেছিল।
তিনি বলেন, প্রয়োজন হলে দেশের অরাজনৈতিক, দেশপ্রেমিক ও প্রজ্ঞাবান ব্যক্তিদের সঙ্গে নিয়ে সব রাজনৈতিক দলের কাছে গিয়ে আপস ও জাতীয় ঐক্যের আহ্বান জানানো হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন