দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বাধিক আলোচিত আঞ্চলিক জোট আসিয়ানের ‘সেক্টরাল ডায়লগ পার্টনার’ হওয়ার জন্য বর্তমান চেয়ার ফিলিপাইনের সমর্থন চেয়েছে বাংলাদেশ। শুক্রবার ম্যানিলায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব ফরেন অ্যাফেয়ার্স) মা. থেরেসা পি. লাজারোর কাছে এই অনুরোধ জানান বলে এমন সংবাদ প্রকাশ করেছে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বরাত দিয়ে বারনামার এ রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সহযোগিতা চুক্তি (ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন ইন সাউথইস্ট এশিয়া বা টিএসি)’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর ফাঁকে দুই মন্ত্রীর মধ্যে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী নার্সিং, চিকিৎসা পর্যটনের (মেডিকেল ট্যুরিজম) জন্য ভিসা সহজীকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং পারিবারিক পুনর্মিলনসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খোঁজার প্রচেষ্টায় ফিলিপাইনের সমর্থন কামনা করেন ড. খলিলুর রহমান। উভয় মন্ত্রী বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর গুরুত্বের উপর জোর দেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক এই জোটের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বাড়াতে এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই আসিয়ানের ‘সেক্টরাল ডায়লগ পার্টনার’ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বারনামা।
